মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লাইলী বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী খোকা মোল্লা গংদের বিরুদ্ধে। রবিবার (৫ অক্টোবর) আহত লাইলী বেগম টঙ্গীবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের মোক্তার হোসেন মোল্লার স্ত্রী লাইলী বেগমের সঙ্গে প্রতিবেশী খোকা মোল্লা পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
আহত লাইলী বেগমের ছেলে রাসেল মিল্কি জানান, “রবিবার সকাল ৮টার দিকে প্রতিবেশী খোকা মোল্লা, তার ছেলে জিহাদ মোল্লা, ছাইফুল মোল্লা, খোকন মোল্লার স্ত্রী নুরুন্নাহার এবং তাদের সহযোগী ভাড়াটিয়া সন্ত্রাসী জাহাঙ্গীর শিকদার আমাদের বাড়িতে এসে বসতবাড়ি ভাঙচুর করে দখলে নেওয়ার চেষ্টা করে। আমার মা বাধা দিলে তারা মাকে মারধর করে। পরে আমি ও আমার বাবা রক্ষা করতে গেলে আমাদেরকেও তারা মারধর করে।”
তিনি আরও বলেন, “আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।”
অভিযুক্ত খোকা মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযুক্তদের একজন জাহাঙ্গীর শিকদার বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কাউকে মারধর করিনি।”
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”