মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে ডাকাতির ঘটনায় দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে স্থানীয় হাজী সুরুজ্জামান সরকারের ডুপ্লেক্স ভবনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—শাকিল সরকার (৪২) ও শামীম সরকার (৪৩)। বর্তমানে তারা ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা যায়, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সময় ১৪–১৫ জনের একটি ডাকাতদল জানালার গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে। প্রথমেই তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে শাকিল ও শামীমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা।
পরে তারা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ তিন থেকে চার লাখ টাকা এবং একাধিক আইফোন লুট করে নিয়ে যায়। পরিবারের আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকায় পাঠানো হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”