মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা
তিন দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ভোলা জেলায় আজ ঐতিহাসিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, জুলাই মাসে ছাত্র–জনতা রক্ত দিয়েছে কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। সেই প্রত্যাশা পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির বাইরে কোনো বিকল্প নেই।
এ সময় তিনি ভোলার চারটি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন। ভোলা–১ আসনে মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা, ভোলা–২ আসনে মুফতি রেজাউল করিম বোরহানি, ভোলা–৩ আসনে মাওলানা মোসলেহ উদ্দিন এবং ভোলা–৪ আসনে প্রফেসর কামাল উদ্দিনকে পরিচয় করিয়ে দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মমতাজী। সঞ্চালনা করেন জেলা উত্তর সেক্রেটারি মাওলানা তারেক ও দক্ষিণ সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা মামুনুর রশিদ খান, আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, ভোলা দক্ষিণ জেলা সভাপতি মুফতি নুরুদ্দিনসহ আরও অনেকে।
গণসমাবেশে জামায়াতে ইসলামী, গণধিকার পরিষদ, খেলাফত মজলিসসহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারাও যোগ দেন।
তিন দফা দাবির পক্ষে সমাবেশে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।