সোহেল রানা, সিংগাইর:
মানিকগঞ্জের সিংগাইরে কৃষকদের উৎপাদিত পণ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন একটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে এ কোল্ড স্টোরেজের উদ্বোধন করেন সরকারের কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান, সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
তিনি আরও বলেন, “পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করুন। আগে যেমন বাপ-দাদারা চটের ব্যাগ ব্যবহার করতেন, এখনও তাই ব্যবহার করুন। এতে পরিবেশ রক্ষা হবে এবং কৃষি উন্নয়নও ত্বরান্বিত হবে।”
উপদেষ্টা অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে জানান, কৃষিজমি রক্ষায় শিগগিরই একটি কৃষি আইন প্রণয়ন করা হবে। কোনো খাতে জমি অধিগ্রহণ হলে রোডস এন্ড হাইওয়ের মতো এলজিইডিকেও জমির মালিককে তিনগুণ মূল্য প্রদান করতে হবে। একই সঙ্গে তিনি ইটভাটায় জমির টপ সয়েল বিক্রি বন্ধ করার উপর গুরুত্বারোপ করেন।
এসময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূর
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ, উপজেলা কৃষি অফিসার মো: হাবিবুল বাশার চৌধুরীসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষক, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।
কৃষকদের আশাবাদ—এই কোল্ড স্টোরেজ ফসল সংরক্ষণে যুগান্তকারী ভূমিকা রাখবে।