বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত গেজেটভুক্ত আহত তিনজন জুলাই যোদ্ধার হাতে প্রধান উপদেষ্ঠার পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী ও শ্রদ্ধাকার্ড তোলে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধারা হলেন- ঢাকা ইউনিভার্সিটি ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আব্বাস শাহিন, মো. আলী আজগর ও আব্দুল্লাহ আল আবিদ। সভায় জীবন বাজি রেখে জুলাই আন্দোলন চালিয়ে যাওয়া কালিন তাদের তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন জুলাই যোদ্ধারা।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা, আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল আবিদের গর্বিত পিতা দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।