কে. এইচ. এম. নূরুল আলম নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার পূর্বধলায় এক রাতে বৃদ্ধ ও যুবক সহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি বুধবার ভোরে উপজেলার হাটধলা ও জাওয়ানি এলাকা থেকে উদ্ধার করেছে পূর্বধলা থানার পুলিশ।
একই দিন দুপুরে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম।
লাশ দুটির ব্যক্তিরা হলেন, জয়চরণ বিশ্বাস উপজেলার আগিয়া ইউনিয়নের মৃত রামচরণ বিশ্বাসের ছেলে ও বোরহান উদ্দিন বিল্লাল নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে।
পরিবারের বরাত দিয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম জানান, মঙ্গলবার রাতে প্রথম ঘটনা ঘটে আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামে। জয়চরণ বিশ্বাসের ঘরের ট্রাংক ও খাটের ড্রয়ার থেকে ৬৫ হাজার টাকা হারায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।
রাতে রাগ করে দুজনেই ঘর থেকে বের হয়ে যান। ভোরে তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পান প্রতিবেশী আরতি রানী। একই রাতে নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামে বোরহান উদ্দিন বিল্লাল নামের এক যুবক আত্মহত্যা করেন। তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, জয়চরণ বিশ্বাস ও বোরহান উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।