সোহেল রানা
সিংগাইর প্রতিনিধি:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানববন্ধন থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ দেশে ঘটে যাওয়া সব সাংবাদিক হত্যার বিচার দাবি জানানো হয়।
বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা। বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যাকাণ্ড, নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটলেও এখনো কোনো সরকার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকাণ্ড তার স্পষ্ট প্রমাণ। সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, পুরো সাংবাদিক সমাজের বিরুদ্ধে ভয়াবহ আঘাত। বক্তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আই টিভির আ. গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, দৈনিক নববাণীর কামরুল হাসান ও দৈনিক ভোরের আওয়াজের সানাউল্লাহ সাকিব প্রমুখ।
এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।