স্টাফ রিপোর্টার (ইসমাইল সরকার):
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়েরকৃত একটি হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় চার আসামিকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক কমিশনার রাজীব ও দুর্ধর্ষ সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
পরবর্তীতে পৃথক অভিযান চালিয়ে আদাবর থানার মোঃ গুড্ডু (৩৮), তেজগাঁও থানার মোঃ শফিকুল ইসলাম (৪৮) ও মোহাম্মদপুর থানার মোঃ সেলিম (৩২)-কে যথাক্রমে কৃষি মার্কেট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল ও বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়,
- মোঃ গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা,
- মোঃ শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা এবং
- মোঃ সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টায় এই চক্রটি সক্রিয় ছিল। গ্রেপ্তারকৃতরা বেআইনি নানা কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আসামিদের দেয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে মামলার অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।