পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত রায় (২৬) নামে একজন মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই, সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নে। নিহত সৈকত রায় পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় এর বড় ছেলে। সে একই বিদ্যালয়ে ল্যাব. সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয়সূত্রে জানা যায়, একই দিন সকালে নিহতের দাদী আতোসী রাণী বার্ধক্যজনিত কারণে মারা যায়। আতোসী রাণীর এক মেয়ে বরগুনা থাকার কারণে তার দাহ রাতে হবার কথা ছিল।
বাড়িতে অনেক লোকজন থাকার কারণে নিহত সৈকত বাহিরে বাতি সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ লাইন টানতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত বলে ঘোষণা করেন।
একইদিনে পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা ও ছেলেকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছেন নিহার রঞ্জন রায়সহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, সৈকত নামে এক ব্যক্তি নিজ বাড়িতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।