সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় জমি উদ্ধারের নামে প্রতারণার অভিযোগে দুই ভুয়া মেজরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন রংপুরের তারাগঞ্জ এলাকার মাসুম হোসেন (৪২) এবং একই জেলার হাজীরহাট এলাকার সাজু আহমেদ (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়খাতা এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিজের দখল হারানো জমি উদ্ধারে সহযোগিতা চান প্রতিবেশী শহীদা নামের এক নারীর কাছে। শহীদা তাকে জানান, সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধার সম্ভব। এরপর তিনি রফিকুলের পরিচয় করিয়ে দেন মাসুম ও সাজুর সঙ্গে। তারা নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে জমি উদ্ধারের বিনিময়ে রফিকুলের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করেন।
তাদের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। পরে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “আটক ব্যক্তিরা নিজেদের সেনাবাহিনীর মেজর পরিচয় দিলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।