সজিব রেজা , দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির ছুরিকাঘাতে তাঁর শাশুড়ি নিহত হয়েছেন বলে অভিযোগ। এ সময় এগিয়ে আসলে স্ত্রী ও শ্যালককেও আঘাত করে আহত করা হয়।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম সামিয়েল মার্ডি (৪০)। তিনি চাউলিয়া গ্রামের বাসিন্দা । অপরদিকে নিহত শাশুড়ির নাম বাহা বেসরা (৫৫)। তিনি ওই গ্রামের মৃত বুদরা হাসদার স্ত্রী।
এ ঘটনায় আহতরা হলেন- সামিয়েল মার্ডির স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং একই এলাকার সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার পারিবারিক কলহ চলে আসছিল। কলহের জের ধরে গত বেশকিছু দিন আগে মিনি হাসদা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন।
শুক্রবার ( ২৩ মে) গভীর রাতে সামিয়েল মার্ডি শ্বশুরবাড়িতে গেলে আবারও কলহ লাগে এবং একপর্যায়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং শ্যালক বিকাশ কিস্কু এগিয়ে আসলে তাদেরকেও আঘাত করা হয়।
পরে স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে বাহা বেসরাকে মৃত অবস্থায় পায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে জামাতার হাতে শাশুড়ি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুজন হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।