রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় র্যাব-২ এর বিশেষ অভিযানে সংঘবদ্ধ ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—ডাকাত দলের দলনেতা মোঃ সালাউদ্দিন (২৭), এবং তার দুই সহযোগী মোঃ রেন্টু (৩২) ও মোঃ শাকিল (২০)। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সামুরাই তলোয়ার ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
র্যাব-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অদ্য ২২ মে ২০২৫ ইং তারিখ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতির জন্য মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মোঃ সালাউদ্দিনসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও র্যাব সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-২ জানিয়েছে, প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খান আসিফ তপু
সিনিয়র সহকারী পুলিশ সুপার
র্যাব-২