নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)
নেত্রকোণার দুর্গাপুরে দুঃস্থ মানুষের চিকিৎসা সেবায় আয়োজন করা হলো বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প। বুধবার (২১ মে) উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ক্যাম্পটি পরিচালনা করে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল।
ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির।
ক্যাম্পে বিনামূল্যে চক্ষু রোগের বিভিন্ন চিকিৎসাসেবা ও চশমা বিতরণ করা হয়। এছাড়া রোগীদের ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়। প্রায় ৫০০ জন রোগী এ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সেবা গ্রহণকারীরা জানান, এ ধরনের ক্যাম্প তাদের জন্য আশীর্বাদস্বরূপ। চিকিৎসা নিতে আসা রহিমা বেগম বলেন, “আমি বিনামূল্যে চশমা পেয়েছি। এখন সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। আগে দূরের জিনিস ঝাপসা দেখতাম।”
আরেক রোগী হাসমত আলী বলেন, “আমি কার্ড পেয়েছি। ডাক্তার সাহেব পরীক্ষা করে বলেছেন ছানি অপারেশন করতে হবে। বিনা খরচে এই অপারেশন করানো হবে শুনে খুবই স্বস্তি লাগছে।”
চিকিৎসাসেবা প্রদানকারী ডা. শাদমান ইশরাক ভূঁইয়া বলেন, “প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষকে চিকিৎসা দিতে পেরে আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি।”
ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রূপন কুমার সরকার বলেন, “সমাজের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।