নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পৃথক তিন স্থানে বজ্রপাতে তিনজন কৃষক নিহত হয়েছেন। এতে রনু মিয়া নামের একজন আহত হয়। মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা নাগাদ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- উপজেলার রসুলপুর গ্রামের সমর আলীর ছেলে নিজাম উদ্দিন (২৫), কৃষ্ণপুর গ্রামের রমজান মিয়ার ছেলে কবীর হোসেন (৪০) ও হায়াতপুর গ্রামের মৃত রসিক সরকারের ছেলে রাখাল সরকার (৬০)।
স্থানীয়দের বরাতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, বিকাল সোয়া ৫টার দিকে রসুলপুর গ্রামে ধনু নদীর পাড়ে হাওর থেকে কেটে আনা বোরো ধান শুকানোর সময় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল।
এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে নিজাম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। রুনু মিয়া নামে আরেকজন আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
অপরদিকে কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোড়ল জানান, বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের হাওরে কবীর মিয়া ধান কাটতে গেলে বজ্রসহ বৃষ্টির কবলে পড়েন।
এ সময় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মারা যান তিনি।
এছাড়াও নগর ইউপির সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য ওমর চৌধুরী জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিকে হায়াতপুর গ্রামের সামনে হাওর থেকে রাখাল সরকার গরু আনতে যান। এসময় সেখানে বৃষ্টি হচ্ছিল। তখন বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান রাখাল সরকার।