পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) পাওয়া ৮৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে তারা যেন দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষাজীবনের এই অর্জন ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তবে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জন করাও জরুরি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি তাদের ভবিষ্যতের পথচলায় আরও উৎসাহিত করবে। শুধু জিপিএ-৫ অর্জন নয়, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. লতিফ মাসুম, গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গলাচিপা উপজেলার ৮৪ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গলাচিপা উপজেলায় মোট ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। তাদের সাফল্যকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংবর্ধনা ও নগদ অর্থ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।