মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে চর-রমজানবেগ এলাকায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নারী মরদেহটির দুই হাত বাঁধা ছিল বলে জানিয়েছে নৌপুলিশ।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানা পুলিশ ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নদীর কচুরিপানার ভেতর থেকে প্রথমে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এর প্রায় ৫০ মিটার দূরে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় আরও একটি নারীর মরদেহ পাওয়া যায়। পরে মরদেহ দুটি ট্রলারে করে নদীর তীরে নিয়ে আসা হয়।
স্থানীয়দের দাবি, নদীতে মোট তিনজনের মরদেহ দেখা গিয়েছিল। এর মধ্যে দুজন পুরুষ ও একজন নারী ছিলেন। তবে স্থানীয় এক বাসিন্দা জানান, তাঁরা বাড়িতে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে ফিরে এসে একজন পুরুষের মরদেহ আর দেখতে পাননি। তাঁর দাবি, স্রোতে ভেসে ওই মরদেহটি অন্যত্র চলে যেতে পারে।
নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। নারী মরদেহটির দুই হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
তিনি আরও জানান, মরদেহ দুটির পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির সদস্যরা কাজ করছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।