আমজাদ শিবলু: নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ পৌর এলাকায় ভাড়া বাসা থেকে এক অজ্ঞাত ব্যক্তির (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিনন্নাগুনি গ্রামের সেনবাগ পূর্ববাজার ব্রিজসংলগ্ন শামসুদ্দিনের দুইতলা ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৫ মে ওই ব্যক্তি নিজেকে পল্লী বিদ্যুতের কর্মচারী পরিচয় দিয়ে পরিবার নিয়ে থাকার কথা বলে বাসাটি ভাড়া নেন। তবে এরপর তিনি একাই সেখানে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি হোটেলে খাবার খেয়ে কক্ষে ফিরে বিশ্রাম নিতে দেখা যায় তাকে।
রাতে বাড়ির মালিক কক্ষের দরজা খোলা দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তবে কক্ষে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগ থেকে সেনাবাহিনীর একটি ইউনিফর্ম এবং ‘ফারহান’ নাম লেখা একটি নেমপ্লেট উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল বাশার সরকার স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।