মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আরাফাত খান ওরফে রাব্বি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ জুন) জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল মুন্সিগঞ্জ সদর উপজেলার পুরাতন সরকারপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় পুরাতন সরকারপাড়ার বাসিন্দা আরাফাত খান ওরফে রাব্বির বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।