আমজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা এবং স্কুল পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মীর হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেএএফ ফাউন্ডেশনের আহ্বায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মিয়া মোহাম্মদ ইলিয়াস। তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা রবিউল হোসেন সুজন বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এ সময় বক্তব্য দেন দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ডমুরুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওমর ফারুক, সেনবাগ উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তার মনি, মটুবি মাদ্রাসার সভাপতি মো. বাহার উল্লাহ, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. আবুল হোসেন এবং ডমুরুয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু বকর ছিদ্দিক।
বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।