মঈন উদ্দীন, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন শূন্য লাইনে পরিত্যক্ত মর্টারের গোলা বিস্ফোরণে মিয়ানমারের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুইঙ্গাঝিরি সীমান্ত এলাকার আন্তর্জাতিক শূন্য লাইনের নিকট এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর তুইঙ্গাঝিরি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার কাছাকাছি একটি পাহাড়ি জুমে কাজ করার সময় ১২ বছর বয়সী এক মিয়ানমার নাগরিক কিশোর মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত মর্টারের গোলা খুঁজে পায়। একপর্যায়ে সেটি নাড়াচাড়া করলে বিকট বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত কিশোরের নাম সতনাইং তঞ্চঙ্গা (১২)। সে মিয়ানমারের সীমান্তবর্তী বাইশফাঁড়ী গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা। তার পিতার নাম কিংহলা তঞ্চঙ্গা।
সীমান্ত সূত্র জানায়, ঘটনাস্থলটি তুইঙ্গাঝিরি বিওপি থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে এবং সীমান্ত পিলার-৩৯ এর নিকটবর্তী এলাকায়, যা মিয়ানমারের অভ্যন্তরে শূন্য লাইনের কাছাকাছি অবস্থিত। বিস্ফোরণের পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যায়।
ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এস খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে শূন্য লাইনে কাউকে না যাওয়ার জন্য স্থানীয়দের সতর্ক করা হয়েছে।