মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদর উপজেলার পাঁচটি গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। তবে সকাল থেকে প্রবল বর্ষণ ও দমকা হাওয়ার কারণে পূর্বনির্ধারিত সময় পরিবর্তন করে প্রায় দেড় ঘণ্টা পর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার শিলই, আধারা, মোল্লাকান্দিসহ পাঁচ গ্রামের মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের কথা ছিল। কিন্তু আকস্মিক ঝড়-বৃষ্টিতে ঈদগাহ মাঠের শামিয়ানা ও ত্রিপল উপড়ে গেলে সাময়িক বিঘ্ন ঘটে। পরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বেলা ১১টার দিকে শিলই উত্তরকান্দি ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা বাচ্চু মুন্সী।
জাহানগীরা তরিকার অনুসারী এসব গ্রামের প্রায় পাঁচ শতাধিক মুসল্লি পৃথক পৃথক জামাতে অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া ধর্মীয় বিধান অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দেন।
সার্বিক নিরাপত্তার বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) অমল সরকার জানান, প্রতি বছরের মতো এবারও গ্রামগুলোতে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।