পটুয়াখালী, প্রতিনিধি :
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ সোহেল হাওলাদার (৩২)
২. মোঃ কলিম হাওলাদার (৩৬)
শনিবার (২৩ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার বিশেষ টিমটি দীর্ঘদিন ধরে ওই দুই মাদক কারবারির গতিবিধির ওপর নজরদারি চালিয়ে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা সহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
এদিকে, স্থানীয় এলাকাবাসী ডিবি পুলিশের এ সফল অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা এলাকায় মাদকের বিস্তার রোধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।