মোঃ সোবেল মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভুয়া মামলা ও মামলা-বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইঙ্গিতপূর্ণভাবে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পোস্টে রুমিন ফারহানা লেখেন, “ভুয়া মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন, করতে থাকেন। পরিণতির জন্যও প্রস্তুত থাকবেন দয়া করে।”
তবে পোস্টে তিনি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পোস্টটিতে কয়েক হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য দেখা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা।
নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মনোনীত জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব, যিনি ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।