মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে তাহেমন নেছা (৭২) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাহেমন নেছা ওই গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তাহেমন নেছা তার নাতনি জেরিন আক্তারকে (৭) নিয়ে বাড়ির অদূরে একটি পুকুরে গোসল করতে যান। এ সময় অসাবধানতাবশত নাতনি জেরিন পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে দাদি তাহেমন নেছা পুকুরে ঝাঁপ দেন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জেরিনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তাহেমন নেছা পানিতে তলিয়ে যান। পরে প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে অসুস্থ জেরিন আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।