মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের সদর উপজেলা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আল-আমিন হোসেন নামে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাকে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আল-আমিন শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শীর্ষ মাদক কারবারি আল-আমিন হোসেনকে আটক করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৫ লাখ ১১ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়। পরে তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
যৌথবাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।