মোঃআতেফ ভূঁইয়া, গাজীপুর সদর
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় আঞ্চলিক সড়কের পাশে গলায় দড়ি বাঁধা অবস্থায় আগুনে পোড়া এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান।
সকালে সরেজমিনে দেখা যায়, এমসি বাজার-বরমী সড়কের বৃন্দাবন চৌরাস্তার পূর্ব পাশে সড়কসংলগ্ন স্থানে বিবস্ত্র অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে আছে। মরদেহটির অধিকাংশ অংশ পুড়ে গেলেও মুখমণ্ডলের কিছু অংশ অক্ষত রয়েছে। গলায় দড়ি প্যাঁচানো ছিল। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
তেলিহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শরীফ মিয়া জানান, সকালে স্থানীয় এক ব্যক্তি তাঁকে ফোন করে সড়কের পাশে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে তিনি ২৫ থেকে ৩০ বছর বয়সী এক তরুণের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি শ্রীপুর থানায় অবহিত করা হয়।
স্থানীয় বাসিন্দা মো. জহিরুল ইসলাম শাহজাহান বলেন, জমিতে সেচ দিতে এসে এক ব্যক্তি প্রথমে মরদেহটি দেখতে পান। আরেক বাসিন্দা মো. ইসমাইল হোসেনের ধারণা, দুর্বৃত্তরা গলায় দড়ি বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর পরিচয় গোপন করতে মরদেহে আগুন ধরিয়ে দিতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম রুহুল কাইয়ুম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করে। তাঁর গলায় দড়ি বাঁধা ছিল। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।