শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গত বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে আগেই ঘোষণা দিয়েছিল।
ইনকিলাব মঞ্চের নেতাদের দাবি, জুমার নামাজের পর সেখানে সমবেত হলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ ঘটনায় সালাহউদ্দিন আম্মারসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।
শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও পুলিশি হামলায় আহত করা হয়েছে।
অন্য একটি পোস্টে সংগঠনটি জানায়, “আপাতত কোনো জমায়েত করা হবে না। আহতদের চিকিৎসা শেষে আমরা আবার রাজপথে ফিরব। ততক্ষণ পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছি।”