নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তারা সড়ক থেকে সরে গেলে শাহবাগ মোড় দিয়ে পুনরায় যান চলাচল শুরু হয়।
এর আগে বিকেল ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা। দ্রুত নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
জুমার নামাজের পর রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে মৎস্য ভবন হয়ে শাহবাগে পৌঁছান আন্দোলনকারীরা। এ ছাড়া চকবাজার, মতিঝিল ও কামরাঙ্গীরচরসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও নোয়াখালীর বাসিন্দারা কর্মসূচিতে যোগ দেন।
আন্দোলনকারীদের দাবি, নোয়াখালীর পাশাপাশি লক্ষ্মীপুর ও ফেনী থেকেও অনেকে বাসযোগে ঢাকায় এসে কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে ‘নোয়াখালী বিভাগ চাই’, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। সাউন্ড বক্সে গান ও স্লোগানের সঙ্গে অনেককে উৎসবমুখর পরিবেশে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
অবরোধের কারণে শাহবাগকেন্দ্রিক বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। শাহবাগ থেকে গুলিস্তান হয়ে ধানমন্ডি এবং শাহবাগ হয়ে গাবতলীসহ বিভিন্ন রুটে গণপরিবহন ও সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়।
তবে শাহবাগের আশপাশে কয়েকটি গুরুত্বপূর্ণ হাসপাতাল থাকায় জরুরি সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স চলাচল করতে দেখা যায়।
একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়কের মাঝখান থেকে সরে যান। এরপর শাহবাগ মোড় দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।