দীর্ঘ প্রায় দুই দশকের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পথে রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা Reuters।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, লন্ডনে প্রায় দুই দশক নির্বাসনে থাকার পর দেশে ফেরার মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারেন। মতামত জরিপগুলো সঠিক হলে এটি হবে ৬০ বছর বয়সী এই নেতার জন্য এক নাটকীয় প্রত্যাবর্তন।
রয়টার্স জানায়, ২০০৮ সালে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও কারামুক্তির পর চিকিৎসার প্রয়োজনে দেশ ছাড়েন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিপোর্টে আরও বলা হয়, তারেক রহমান ক্ষমতায় এলে আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠন, বিনিয়োগ বৃদ্ধি, দরিদ্রদের সহায়তা বাড়ানো এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করার পরিকল্পনার কথা বলেছেন। তিনি প্রতিশোধের রাজনীতির বদলে শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দিচ্ছেন বলে রয়টার্স উল্লেখ করেছে।