জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা সংক্রান্ত সাম্প্রতিক নির্দেশনা নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। গণমাধ্যমকর্মী ও নির্বাচন পর্যবেক্ষকরা পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন বলে তিনি স্পষ্ট করেন।
এর আগে রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় বলা হয়, জাতীয় সংসদ
নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
এই নির্দেশনা ঘিরে রাজনৈতিক দল, সাংবাদিক ও নাগরিক সমাজের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। তবে ইসি সানাউল্লাহর বক্তব্যে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের কাজের পথে কোনো অযৌক্তিক বাধা সৃষ্টি করা হবে না।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে কাজ করছে।