প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও মানবিক নগর ব্যবস্থাপনার প্রতিশ্রুতি দিয়ে আধুনিক ঢাকা-১৭ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের ইমানুয়েলস পার্টি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মোট ১৭টি উদ্যোগ তুলে ধরা হয়।
ইশতেহারের উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে রয়েছে অ্যাপসভিত্তিক অ্যাম্বুলেন্স ও রক্ত সরবরাহ ব্যবস্থা, ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ভিত্তিক ডিজিটাল হেলথ কার্ড, ঘরে ঘরে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড এবং প্রবীণ ও দীর্ঘমেয়াদি রোগীদের জন্য হোমকেয়ার সেবা। স্বল্পমূল্যে ওষুধ সরবরাহে ডিসকাউন্ট ফার্মেসি ও কল সেন্টার চালুর কথাও বলা হয়েছে।
নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান নিশ্চিতে ‘আমার আয়ের সংসার’ প্রকল্প, নারী স্বাস্থ্য ও শরীরচর্চা কেন্দ্র, বয়স্ক নারী শিক্ষাকেন্দ্র এবং স্বতন্ত্র পরিবহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রেস্টফিডিং কর্নার, আলাদা গণশৌচাগার, বাজার ও নামাজের জায়গা থাকবে।
যুবকদের জন্য ‘দক্ষতা’ অ্যাপসের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ এবং নগর ব্যবস্থাপনায় দুর্নীতি রোধে ‘ডিজিটাল পাহারাদার’ অ্যাপ, আইওটি ভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডিজিটাল পেমেন্ট চালুর পরিকল্পনাও রয়েছে। ডা. খালিদুজ্জামান বলেন, নাগরিকদের এক প্ল্যাটফর্মে সব সেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।