আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল–৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ-এর হাতে দলীয় প্রতীক ‘ঈগল’ তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে ঈগল প্রতীক হস্তান্তর করা হয়। এ সময় ডা. শফিকুর রহমান ঈগল প্রতীকের পক্ষে স্লোগান দিয়ে নেতাকর্মীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, বরিশাল–৩ আসনে ব্যারিস্টার ফুয়াদকে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি বলেন, “আগামীর বাংলাদেশ ঈগলের গতিতে এগিয়ে যাবে। আমরা ঈগল প্রতীক নিয়ে সামনে অগ্রসর হব। আল্লাহ তাআলা ঈগল প্রতীক কবুল করুন। ইনশাআল্লাহ ঈগল প্রতীক বিজয়ী হবে।”
বরিশালে জামায়াতে ইসলামী মনোনীত ও জোটসমর্থিত সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভা অনুষ্ঠিত হয়। সভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে পৌঁছান।