শাহিনুর আলম, সরকারি তিতুমীর কলেজ
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে কমিটি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ কমিটি গঠন করা হয়েছে।
শিগগিরই কমিটির সদস্যদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
জানা গেছে,এই কমিটি তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাই করবে। পাশাপাশি অবকাঠামো থেকে শুরু করে দরকারি নানা বিষয় নিয়েও কমিটি কাজ করবে।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এরমধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ।
অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের একাডেমিক সকল কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে। এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।