শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক নেতাকে আজীবন বহিষ্কার করেছে। বহিষ্কৃত নেতা হলেন শাকসু নির্বাচনে জিএস (সাধারণ সম্পাদক) পদে বিদ্রোহী প্রার্থী মো. জুনায়েদ ইসলাম।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মো. জুনায়েদ ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. জুনায়েদ ইসলামকে সংগঠনের সব পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. জুনায়েদ ইসলাম বলেন, শাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সময় তাকে জানানো হয়েছিল—স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে। তিনি বলেন, ‘আমি যেহেতু শাকসুতে প্রার্থী হয়েছি, এখন আর পেছনে যাওয়ার সুযোগ নেই। দল থেকে আমাকে কোনো কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি।’