বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া-র নেতৃত্ব ও সংগ্রামের কারণেই বাংলাদেশ আজ একটি মুক্ত ও স্বাধীন দেশ। তিনি বলেন, আপস না করার মূল্য হিসেবেই বেগম জিয়াকে কারাবরণ করতে হয়েছিল। গোটা জাতির কাছে তিনি ছিলেন আলোর দিশারী।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল ফোরাম ঢাকা আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী আগামী আরও দুই দিন চলবে।
রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার জীবনসংগ্রাম ছিল এক বিশাল ক্যানভাসের মতো। তার কর্মজীবন ছিল ব্যাপক ও বৈপ্লবিক। যাঁরাই তার জীবন ও রাজনীতি সম্পর্কে জানবেন, তারাই মুগ্ধ হবেন বলে মন্তব্য করেন তিনি।
এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী জাতিকে অনুপ্রাণিত করবে উল্লেখ করে রিজভী বলেন, বেগম জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা আজও সবাই অনুভব করছেন। তিনি গোটা জাতি ও দেশকে আগলে রেখেছিলেন। তরুণ সমাজের কাছে তার জীবন ও অবদান তুলে ধরা এখন সময়ের দাবি।
এ সময় তিনি আরও বলেন, সরকারি ঘনিষ্ঠ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন দিয়েছিল নতজানু আওয়ামী সরকার। কিন্তু দেশবিরোধী কোনো চুক্তিতে সায় না দেওয়ায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছে এবং তাকে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে।