প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অতীতে প্রধানমন্ত্রীর পা ধরে সালাম করাই রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা হিসেবে বিবেচিত হতো। সে রকম রাষ্ট্রপতি আর দেখতে না চাইলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, গণভোটেরও একটি মার্কা রয়েছে, সেটি হলো টিক চিহ্ন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম-এ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই সনদ কোনো সাধারণ দলিল নয়; রাজনৈতিক দলগুলোর সঙ্গে নয় মাস ধরে প্রকাশ্য আলোচনার মাধ্যমে এটি তৈরি হয়েছে এবং এর প্রতিটি অক্ষর ছাত্র-জনতা ও শ্রমজীবী মানুষের রক্তে লেখা।
তিনি আরও বলেন, গণভোটে কোনো ব্যক্তি বা দলকে নয়, বরং ভবিষ্যতে দেশ পরিচালনার মূল নীতির বিষয়ে মতামত চাওয়া হচ্ছে। এই দলিলের মাধ্যমে নির্বাচিত সরকারগুলোকে জনগণের নির্দেশনা মানতে বাধ্য করা হবে। তিনি অভিযোগ করেন, গত ১৬ বছরে ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত ছিল এবং সংবিধানের অপব্যবহার করে রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয় নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
আলী রীয়াজ বলেন, জুলাই সনদে বিচার বিভাগের স্বাধীনতা, জবাবদিহিতা, সংসদে বিরোধী দলের শক্ত ভূমিকা এবং নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এসব পরিবর্তন চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।