জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে ঢাকা–৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ড. হেলাল উদ্দীন। তবে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি পরবর্তীতে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারী ড. হেলাল উদ্দীনের সঙ্গে হাসিমুখে সাক্ষাতের কয়েকটি ছবি শেয়ার করেন।
পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, গত এক বছরে ঢাকা–৮ আসনে দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে ড. হেলাল উদ্দীন যে পরিশ্রম ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা সত্যিই অনুকরণীয়। তিনি উল্লেখ করেন, বর্তমানে ড. হেলাল উদ্দীনের বাবা হাসপাতালে ভর্তি রয়েছেন। ব্যক্তিগত ব্যস্ততা ও পারিবারিক দুশ্চিন্তার মধ্যেও তিনি সংগঠনের প্রশ্নে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী আরও লেখেন, হাসপাতাল থেকে ফিরে রাতের বেলাতেই ড. হেলাল উদ্দীন তাঁদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি জীবনের ত্যাগ-তিতিক্ষার গল্প তুলে ধরেন এবং শেখ হাসিনার শাসনামলে গুলিবিদ্ধ হওয়া এক সংগ্রামী নেতার অদম্য লড়াইয়ের কথাও শোনান।
এনসিপির এই নেতা বলেন, ড. হেলাল উদ্দীন তাঁকে জোটের প্রার্থী হিসেবে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে মাঠে-রাজপথে ও অলি-গলিতে তাঁদের ঐক্যবদ্ধ কর্মযাত্রা অব্যাহত থাকবে।
নাসিরুদ্দিন পাটোয়ারী আরও বলেন, এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমেই ঢাকা–৮ আসন জোটের বিজয়ী আসন হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। শহীদ ওসমান হাদী-এর ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তাঁরা এগিয়ে চলবেন।