বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাক্ষাৎকালে তারেক রহমানের পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–কে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন এস জয়শঙ্কর।
এরই মধ্যে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া এভিনিউ–সংলগ্ন জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে। জানাজাকে ঘিরে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। এর আগে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়ি মানিক মিয়া এভিনিউয়ে পৌঁছায়।
শেষ বিদায়ে অংশ নিতে সকাল থেকেই অজস্র মানুষ সংসদ ভবন এলাকা ও আশপাশে জড়ো হন। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউজুড়ে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর কবরের পাশে দাফন করা হবে।
এর আগে সকাল ৯টার কিছু আগে জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, স্বজন ও বিএনপির নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।