নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে ফেনী–২ (সদর) আসনটি আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু–কে ছেড়ে দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের নেতৃত্বাধীন ১২ দলীয় জোট ঘোষণার পর এ সিদ্ধান্ত স্পষ্ট হয়। ফলে এই আসনে জামায়াতের দীর্ঘদিনের পরীক্ষিত নেতা ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া–কে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে হচ্ছে।
খবরটি প্রকাশের পর ফেনী–২ আসনে লিয়াকত আলী ভূঁইয়ার সমর্থকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দীর্ঘদিন মাঠে কাজ করা নেতাকে বাদ দিয়ে জোটের অংশ হিসেবে এবি পার্টির চেয়ারম্যানকে আসন ছেড়ে দেওয়া হয়েছে, যা স্থানীয় নেতাকর্মীদের জন্য হতাশাজনক।
এ বিষয়ে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমির মুফতি আব্দুল হান্নান বলেন, অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ফেনীর রাজনীতিতে একজন পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত। মানুষের সামাজিক ও পারিবারিক সংকটে তিনি সবসময় পাশে দাঁড়িয়েছেন। তাকে প্রত্যাহার করায় স্বাভাবিকভাবেই সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তবে তিনি আরও বলেন, বৃহত্তর ঐক্য ও জোটগত সিদ্ধান্তের স্বার্থে জামায়াত সাংগঠনিক শৃঙ্খলার পরিচয় দেবে। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে জোটের প্রার্থীর পক্ষে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ফেনী–২ আসনে নতুন নির্বাচনী সমীকরণ তৈরি করেছে এবং জোট রাজনীতিতে ছাড় দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকল।