ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সিঙ্গাপুরে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার যথাযথভাবে সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাইফ উদ্দিন খালেদ তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে লেখেন, ‘হাদিকে যুক্তরাজ্যে আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’
এদিকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এক ফেসবুক পোস্টে জানান, ওসমান বিন হাদীর যে ধরনের অস্ত্রোপচার প্রয়োজন, তার উপযুক্ত ব্যবস্থাপনা সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল বা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমান অবস্থায় সিঙ্গাপুরে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
মঞ্জু আরও লেখেন, যদি কোনোভাবে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া যায়, তাহলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসা প্রচেষ্টা নেওয়া যেতে পারে। এ জন্য যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের সহায়তা কামনা করে তিনি অনুরোধ জানান, কেউ সহযোগিতা করতে পারলে ওসমান হাদীর চিকিৎসা সংক্রান্ত ট্রিটমেন্ট সামারি পাঠানোর ব্যবস্থা করার জন্য ইনবক্সে যোগাযোগ করতে।