রাশিমুল হক রিমন, বরগুনা
মহান বিজয় দিবসে বরগুনায় নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের কোনো এক সময়ে বরগুনা পৌর গণকবরে অবস্থিত শহীদ স্মৃতি বেদিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তামিম ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় বলে জানা গেছে।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন ছাত্রলীগ নেতা ফাহাদ হাসান তামিম। পোস্টে তিনি উল্লেখ করেন, “মহান বিজয় দিবসে বরগুনা জেলা শাখার পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে রক্তঝরা ইতিহাসের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।”
এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সোমবার রাত থেকেই পুলিশের একটি দল পৌর গণকবরে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে ছবিগুলো আজকের নাকি পূর্বের কোনো সময়ের-এবং কোনো বিভ্রান্তি ছড়ানো হয়েছে কি না।
তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় পুলিশ।