ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ছাড়া তাঁর আর কোনো দ্বিতীয় ঠিকানা নেই। বুধবার রাতে রাজশাহীর গোদাগাড়ীর গোগ্রামে নদওয়াতুল ইসলাম কওমী মাদরাসার আয়োজনে বাৎসরিক ওয়াজ মাহফিল ও শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশকে ভালোবাসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। এখানে জন্মেছি, বড় হয়েছি—মৃত্যুও এখানেই হবে। আমাদের দেশ সুন্দর, আবহাওয়া নাতিশীতোষ্ণ। এ দেশকে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
জাতীয় চরিত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে ধর্ম উপদেষ্টা বলেন, “৫৪ বছর কেটে গেলেও জাতীয় চরিত্রের পরিবর্তন হয়নি। চুরির অভ্যাস এখনও রয়ে গেছে। মন্ত্রী, উপদেষ্টা, এমপি, চেয়ারম্যান—সবার মধ্যেই দুর্নীতির প্রবণতা আছে।” তিনি সকলকে সৎ জীবনযাপন, নারী নির্যাতন বন্ধ ও দুর্নীতি পরিহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি রিসার্চ সেন্টার, ঢাকার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাছান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদওয়াতুল ইসলাম কওমী মাদরাসার পরিচালক মাওলানা মোখতার আলী, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মো. আসলাম আলী, ঢাকা এয়ারপোর্ট জামে মসজিদের খতিব মাওলানা বিন ইয়ামিন সাদী এবং গোগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি রশিদ আহমাদ ফারুকী।
অনুষ্ঠানের আগে ধর্ম উপদেষ্টা স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেন এবং মাদরাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন।