প্রত্যাশিত ঘোষণার বিপরীতে সংবাদ সম্মেলন করেও পদত্যাগের ঘোষণা দেননি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পদত্যাগ প্রসঙ্গে সিদ্ধান্ত জানাবে প্রধান উপদেষ্টার কার্যালয়।
২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় সামনের সারিতে থাকা তরুণদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিকে কেন্দ্র করে তার সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছিল। সে কারণেই আজকের সংবাদ সম্মেলনকে ঘিরে প্রত্যাশা ছিল—তিনি উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেবেন। তবে তিনি সে ধরনের কোনো সিদ্ধান্ত জানাননি।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, “নির্বাচনে অংশ নেব। তবে কোন দল থেকে করব, তা পরে জানাব।” নিজের মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, “আমি দায়িত্ব নেয়ার পর থেকে স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”
এর আগে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, বুধবারের প্রেস ব্রিফিংয়ে তিনি সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারেন। মন্ত্রণালয়ের একটি সূত্রও জানিয়েছিল—এ ঘোষণা হয়তো তার পদত্যাগ সংক্রান্ত হবে। কিন্তু শেষ পর্যন্ত আসিফ সেই প্রত্যাশা পূরণ করেননি।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি উল্লেখ করায় তার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে জল্পনা আরও বেড়েছে।
উল্লেখ্য, আজই ছাত্র–তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির প্রার্থী তালিকা প্রকাশের দিনই আসিফ মাহমুদের পদত্যাগ না করা—পরবর্তী রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।