বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও আবেগ প্রকাশ করেছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। শনিবার তিনি নিজের ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে খালেদা জিয়াকে বাংলাদেশের সবচেয়ে “রিমার্কেবল ও দৃঢ়চেতা” রাজনীতিবিদের একজন হিসেবে উল্লেখ করেন।
ফাহাম লিখেছেন, “আমি বাংলাদেশে খালেদা জিয়ার মতো রিমার্কেবল কোনো মানুষ দেখি নাই। বিএনপি কী—খালেদা জিয়াকে ছাড়া? যে প্রেশার উনি নিছেন, তার ৫০ ভাগের ১ ভাগ নিলে মানুষ তার ঈমান নষ্ট করে ফেলত।”
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া যেভাবে প্রতিকূল অবস্থার মধ্যেও দৃঢ়তার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে এসেছেন, তা বাংলাদেশের ইতিহাসে বিরল।
পোস্টে ফাহাম ২০০৮ সালের রাজনৈতিক অস্থিরতার সময়কার ঘটনাও স্মরণ করেন। তার ভাষায়, “নিশ্চিত কারাভোগ আর মৃত্যু জেনেই উনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরে এসেছিলেন। সুটকেস গুছিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ উনারও এসেছিল, কিন্তু উনি যাননি। কারণ উনি দেশ ও মানুষের প্রতি ভালোবাসা রেখে ছিলেন।”
বর্তমানে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন ফাহাম আব্দুস সালাম। তিনি লিখেছেন, “উনি খুবই অসুস্থ। আল্লাহর দরবারে হাত উঠাই যেন উনি সুস্থ হয়ে উঠেন।”
খালেদা জিয়ার প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতি জানাতে গিয়ে ফাহাম বলেন, “সারা জীবনে বাংলাদেশের একটা পাবলিক ফিগারকেই আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি। সেটা খালেদা জিয়া। আর কোনো মানুষকে নিয়ে আমি বলতে পারবো না—খালেদা জিয়াই বাংলাদেশ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ফাহামের এই পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে যায়। সমর্থকেরা এটিকে হৃদয়স্পর্শী ও সত্যনিষ্ঠ মন্তব্য বলে আখ্যায়িত করছেন। অন্যদিকে রাজনৈতিক মহলে এ পোস্টকে বর্তমান সংকটময় সময়ে খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ ও শ্রদ্ধার প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে।