মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশ–বিজিপির পাঁচ সদস্যকে আটক করেছে বিজিবি।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দুপুরে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ৪২ নম্বর পিলারের কাছে মনজয় পাড়া এলাকায় প্রবেশ করলে বিজিবির টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং বাকিরা বিজিপির সদস্য বলে নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মিয়ানমার সেনাবাহিনীর মিন মিন ও (৪২), এবং বিজিপির সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন জানান, সীমান্ত অতিক্রমের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি সীমান্তের ওপারে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। আরাকান আর্মির বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান চালানোর ফলে পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের চাপ এবং নিরাপত্তাহীনতার কারণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পথ হারিয়ে বা আশ্রয়ের খোঁজে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে থাকতে পারেন।