রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ছাত্রী হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি থেকে মোট ৯১ হাজার ৩৫০ টাকা আয় হয়েছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, তিন দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ২৬৭ জন এবং ছাত্রী হল সংসদের জন্য ৪৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জকসু নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আনিসুর রহমান।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছিল ৩০০ টাকা এবং ছাত্রী হল সংসদের প্রার্থীদের জন্য ২৫০ টাকা।
সে অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৬৭ জন প্রার্থী ৩০০ টাকা করে মনোনয়নপত্র সংগ্রহ করায় আয় দাঁড়ায় ৮০ হাজার ১০০ টাকা। অন্যদিকে ছাত্রী হল সংসদের ৪৫ জন প্রার্থী ২৫০ টাকা করে মনোনয়নপত্র সংগ্রহ করায় আয় হয় ১১ হাজার ২৫০ টাকা। সব মিলিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও ছাত্রী হল সংসদের মনোনয়ন ফরম বিক্রি থেকে মোট আয় হয়েছে ৯১ হাজার ৩৫০ টাকা।
এদিকে, আজ ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪, ২৫ এবং ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ-টেস্ট করা হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।