ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় আনুষ্ঠানিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই ধর্মীয় মহাসমাবেশে বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেম-ওলামারা অংশ নিচ্ছেন। সম্মেলন ঘিরে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে সম্মেলনস্থলে।
এবারই প্রথম বাংলাদেশে আন্তর্জাতিক পরিসরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ায় আলেম সমাজ ও সাধারণ মুসলমানদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। আয়োজক কমিটির দাবি—এই সম্মেলন মুসলিম বিশ্বে খতমে নবুওয়তের পবিত্র আকিদা সংরক্ষণে একটি বৈশ্বিক ঐক্যের নতুন মাইলফলক তৈরি করবে।
সম্মেলনে পাকিস্তান, ভারত, সৌদি আরব ও মিসর থেকে বহু খ্যাতিমান আলেম যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ইসলামী চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি। ভারত থেকে উপস্থিত হয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। পাশাপাশি সৌদি আরব ও মিসরের শীর্ষ আলেমরাও এতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ থেকেও শীর্ষ আলেমরা উপস্থিত হয়েছেন। তাদের মধ্যে আছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও বহু শীর্ষ আলেম।
মহাসম্মেলনের সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ। আয়োজক কমিটি জানিয়েছে, খতমে নবুওয়তের সঠিক আকিদা প্রতিষ্ঠা ও সুরক্ষায় এই সমাবেশ হবে একটি ঐতিহাসিক বৈঠক, যেখানে লাখো মানুষের উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যানকে রূপ দেবে এক মহাধর্মীয় মিলনমেলায়।
সম্মেলনকে ঘিরে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকেই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে যাতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন হয়।