ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে অংশ নিতে আগামী ১৯ নভেম্বর দিল্লি সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি দুই দিনের সফরে ভারত যাচ্ছেন।
জানা গেছে, আগামী ২০ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন। এবার ভারতই এ বৈঠকের স্বাগতিক দেশ।
কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি বহুপক্ষীয় আঞ্চলিক নিরাপত্তা ফোরাম, যার সদস্য দেশগুলো হলো— ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ। সেশেলস এই ফোরামে পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। বাংলাদেশ ২০২৪ সালে পূর্ণ সদস্যপদ লাভ করে।
এ বছরের আগস্টে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত বৈঠকে সদস্যদেশগুলো কনক্লেভের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠার জন্য সনদ ও সমঝোতা স্মারক সই করে। আঞ্চলিক নিরাপত্তা জোরদারই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ফোরামটি পাঁচটি মূল ক্ষেত্রে বিশেষ জোর দেয়—
সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা
সন্ত্রাস ও চরমপন্থা প্রতিরোধ
মানব পাচার ও আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমন
সাইবার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষা
মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ কার্যক্রম
দিল্লি সম্মেলনে এসব বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে নতুন সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আলোচনাই গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।