রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া এবার চাকরি পাচ্ছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহামেদ। তিনি বলেন, “আইরিন আক্তার পিয়াকে আপাতত কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেওয়া হবে। অনার্স সম্পন্ন করার পর তাকে অফিসার পদে উন্নীত করা হবে।”
গত রোববার (২৬ অক্টোবর) ফার্মগেট মেট্রোস্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথায় পড়ে আবুল কালাম (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল আংশিকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ব্যবস্থা করা হবে।
এদিকে, নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ ও স্থায়ী চাকরির দাবিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী এনামুল হক নবীন ২৮ অক্টোবর ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ ও চাকরির দাবি পূরণ না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।