নাজমুল হক চৌধুরী, নরসিংদী
নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে পুলিশের পোশাক পরে ডাকাতির প্রাক্কালে তিনজনকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে মাধবদী থানার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন মো: আরিফুল ইসলাম আরিফ (৩৩),আলমগীর হোসেন (৩২) ও মো: শামীম (৩৬)। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই এর মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এসময় তাদের হেফাজত থেকে ৩টি চাকু, দুইটি পুলিশের রিফলেক্টিং ভেস্ট, দুইটি মোবাইল ফোন, ডাকাতি তে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করে। খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলামের নির্দেশে এসআই মো: আল আমিন ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল আভিযানিক টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।
মাধবদী থানা অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন,
“এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টা। দ্রুত অভিযান পরিচালনা করে ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। ”